চিপ উৎপাদনে নতুন দিগন্ত, SEMICON India 2026-এ বড় ঘোষণা

আমুদরিয়া নিউজ: সেমিকন্ডাক্টর শিল্পে ভারতের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে শুরু হল SEMICON India 2026। বৃহস্পতিবার নয়াদিল্লির যশোভূমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন। এবারের মূল ভাবনা—“Silicon to Systems: Building the Ecosystem”। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের চিপ নির্মাতা, প্রযুক্তি সংস্থা, বিনিয়োগকারী ও গবেষকরা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, ভারত এখন সেমিকন্ডাক্টর ক্ষেত্রে নীতিগত পরিকল্পনা থেকে বাণিজ্যিক উৎপাদনের দিকে এগোচ্ছে। প্রথম পর্যায়ে অনুমোদিত ১২টি সেমিকন্ডাক্টর প্রকল্পের মধ্যে ইতিমধ্যেই তিনটি ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে বলে কেন্দ্র জানিয়েছে।

এর পাশাপাশি সামনে এসেছে Semicon 2.0-এর পরিকল্পনা। প্রায় ১ লক্ষ ২৭ হাজার ৫০০ কোটি টাকার এই কর্মসূচিতে চিপ ডিজাইন, সেমিকন্ডাক্টর যন্ত্রপাতি ও কাঁচামাল, নতুন ফ্যাব, উন্নত প্যাকেজিং, গবেষণা এবং দক্ষ কর্মী তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য অন্তত ২০০টি চিপ-ডিজাইন স্টার্টআপ ও সংস্থাকে এগিয়ে নেওয়া এবং প্রায় ১ লক্ষ নতুন সেমিকন্ডাক্টর-প্রশিক্ষিত কর্মী তৈরি করা।

সম্মেলন চলাকালীন মার্কিন সেমিকন্ডাক্টর সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা Applied Materials আগামী এক দশকে ভারতে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। SEMICON India 2026 চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *