আমুদরিয়া নিউজ: ভোটার তালিকা সংশোধন বা Special Intensive Revision (SIR)-কে ঘিরে দেশের রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। দিল্লি ও মুম্বইয়ে গত কয়েকদিন ধরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের একাংশ নির্বাচন কমিশনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন। নির্বাচন কমিশন অবশ্য অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ভোটার তালিকা সংশোধনের উদ্দেশ্য মৃত, ডুপ্লিকেট বা অযোগ্য নাম বাদ দেওয়া এবং যোগ্য ভোটারদের তালিকায় রাখা।
আজ ৫ অক্টোবর, এই SIR এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে একাধিক আবেদনের শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে। শুনানির আগে সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া মন্তব্য করেছেন, এমন কোনও প্রক্রিয়া যাতে বিপুল সংখ্যক নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হন, তা সাংবিধানিকভাবে গুরুতর প্রশ্ন তৈরি করতে পারে।
অন্যদিকে, দিল্লিতে গতকালও বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং ১২০-র বেশি মানুষকে সাময়িকভাবে আটক করা হয়েছিল বলে জানা গেছে।