বুধবার দেশজুড়ে অসামরিক মহড়া, তালিকায় বাংলার ৩১টি জায়গা

আমুদরিয়া নিউজ: যুদ্ধকালীন পরিস্থিতিতে কী করণীয় তা নিয়ে সাধারণ নাগরিকদের সচেতন করতে দেশ জুড়ে অসামরিক মহড়া হতে চলেছে বুধবার। দেশের ২৭টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৫৯টি জায়গায় এই মহড়ার নির্দেশকা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তার মধ্যে রয়েছে বাংলার ২৩টি জেলার ৩১টি জায়গা।

বাংলায় মহড়া হবে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, শিলিগুড়ি, বৃহত্তর কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়্গপুর, বার্নপুর-আসানসোল, ফারাক্কা-খেজুরিয়াঘাট, চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেঘলিগঞ্জ, মাথাভাঙা, কালিম্পং, জলঢাকা, কার্শিয়াং, কোলাঘাট, বর্ধমান,বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং মুর্শিদাবাদ। স্বরাষ্ট্র মন্ত্রক যে যে বিষয়ে মহড়া দিতে বলেছে, তার মধ্যে রয়েছে— বিমান হামলার সতর্কতা, সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা, পাশাপাশি রাতে বিমান হামলা হলে যাতে সমস্ত আলো নিভিয়ে শত্রুপক্ষকে বিভ্রান্ত করে দেওয়া যায়, তারও মহড়া সেরে রাখতে বলা হয়েছে। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর এই প্রথম দেশজুড়ে এমন অসামরিক মহড়া হতে চলেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *