আমুদরিয়া নিউজ: ভারতের সৌর পর্যবেক্ষণ অভিযান আদিত্য-L1-এর হাত ধরে সূর্যের বিস্ফোরণ নিয়ে নতুন তথ্য পেলেন বিজ্ঞানীরা। সূর্য থেকে নির্গত বিপুল পরিমাণ উত্তপ্ত পদার্থ ও চৌম্বকীয় ক্ষেত্র মহাকাশে সব সময় একইভাবে ছড়িয়ে পড়ে না। বরং তার বিস্তার অসম এবং আকৃতিও বদলে যায়। সম্প্রতি এমনই গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্সের গবেষকরা।
২০২৪ সালের ৫ আগস্ট সূর্যে ঘটে যাওয়া একটি বিস্ফোরণ বিশ্লেষণ করেন বিজ্ঞানীরা। আদিত্য-L1-এর VELC যন্ত্রের পর্যবেক্ষণ, নাসার সোলার ডায়নামিকস অবজারভেটরির তথ্য এবং ত্রিমাত্রিক কম্পিউটার মডেল ব্যবহার করে এই গবেষণা চালানো হয়।
গবেষণায় দেখা গিয়েছে, সূর্য থেকে নির্গত এই পদার্থের বিস্তার ছিল অসম। বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার ভবিষ্যতে সৌরঝড়ের গতিপথ ও পৃথিবীতে পৌঁছনোর সময় নির্ণয়ে সাহায্য করবে। পাশাপাশি উপগ্রহ, যোগাযোগ ব্যবস্থা এবং মহাকাশ প্রযুক্তির সুরক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই গবেষণা।