চিকিৎসায় গাফিলতির অভিযোগে রণক্ষেত্র কল্যাণী JNM হাসপাতাল

আমুদরিয়া নিউজ: চিকিৎসায় গাফিলতির অভিযোগে মঙ্গলবার সকাল থেকেই কল্যাণী JNM হাসপাতালে ধুন্ধুমার পরিস্থিতি। হামলা, পাল্টা হামলার অভিযোগ, হাসপাতাল ভাঙচুর। অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন ও হাউস স্টাফরা।

সোমবার পথ দুর্ঘটনায় আহত হয়ে ওই হাসপাতালে ভর্তি হন মঞ্জু দাস। রোগীর পরিবারের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়েছিল তাঁকে। রক্তক্ষরণ হয়ে চললেও সেটা বন্ধ করার কোনও পদক্ষেপ করা হয়নি। এর প্রতিবাদ করলে জুনিয়র ডাক্তারদের একাংশ তাঁদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন।

অন্যদিকে পালটা মারধরের অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররাও। তাঁদের দাবি, রোগীর চিকিৎসা চলাকালীন সময়ে ভিডিও করছিলেন পরিবারের সদস্যরা। তাঁরা তা করতে বাধা দিলে রোগীর আত্মীয়দের মধ্যে কয়েকজন তাঁদের মারধর করতে থাকেন। এতে ৩ জন জুনিয়র ডাক্তার আহত হন।

এর প্রতিবাদেই এদিন হাসপাতালে ইনটার্ন ও হাউস স্টাফদের একাংশ হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। তাঁরা ইতিমধ্যেই এ বিষয়ে অধ্যক্ষকে চিঠি দিয়ে পুরো ঘটনাটি জানিয়েছেন।

সিনিয়র চিকিৎসকরা হাসপাতালের চিকিৎসা পরিষেবা সঠিক রাখতে সব রকম পদক্ষেপ করছেন বলে জানান কল্যাণী JNM হাসপাতালের অ্যাডিশনাল সুপার। আহত রোগী বর্তমানে ICU-তে ভর্তি রয়েছেন।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *