আমুদরিয়া নিউজ: ভারতে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ছোট আকারের আক্রমণাত্মক ড্রোনের মহড়া চালানোর সম্ভাবনা খতিয়ে দেখছে জাপান। এ নিয়ে আলোচনা করতে সামরিক কর্মকর্তাদের ভারতে পাঠিয়েছে দেশটি। তবে মহড়ার স্থান, সময় বা অস্ত্রব্যবস্থা এখনও চূড়ান্ত হয়নি।
জাপানের স্থল আত্মরক্ষা বাহিনীর প্রধান জেনারেল মাসায়োশি আরাই জানান, ভারতের সঙ্গে বিভিন্ন বিষয় সমন্বয় করতে কর্মকর্তাদের পাঠানো হয়েছে। জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকে-র প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি জাপানের প্রতিরক্ষা মন্ত্রকের কর্মকর্তারা ভারতের পরীক্ষাকেন্দ্র ও গোলাবর্ষণের প্রশিক্ষণক্ষেত্র পরিদর্শন করেন।
পাশাপাশি, ছোট আকারের আক্রমণাত্মক ড্রোনের প্রশিক্ষণ নিয়েও দুই দেশের আলোচনা চলছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশে সামরিক প্রশিক্ষণের সুযোগ বাড়বে এবং ভারত-জাপান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হতে পারে।