আমুদরিয়া নিউজ: রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারগুলির উৎপাদন ক্ষমতা বাড়ায় ২০২৭ সাল থেকে ভারতের ডিজেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। শিল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আগামী বছর দেশটির শোধনাগারগুলিতে বছরে অতিরিক্ত ১ কোটি ৬৫ লাখ টন ডিজেল উৎপাদনের সক্ষমতা তৈরি হবে।
ভারতের বৃহত্তম তেল পরিশোধনকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি) সম্প্রসারণের মাধ্যমে অতিরিক্ত প্রায় ৮০ লাখ টন ডিজেল উৎপাদনের পরিকল্পনা করছে। হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং নুমালিগড় শোধনাগারও উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
জাহাজ চলাচলের তথ্য সরবরাহকারী সংস্থা কেপলারের হিসাব অনুযায়ী, চলতি বছর সমুদ্রপথে ডিজেল রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
ভারত ২০৩০ সালের মধ্যে বছরে ৩০ কোটি টন জ্বালানি পরিশোধনের লক্ষ্যমাত্রা নিয়েছে। পরে সেই সক্ষমতা ৪০ কোটি টনে বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
তেলমন্ত্রী হরদীপ সিং পুরি বলেন, “আমরা শুধু নিজেদের চাহিদা মেটানোর জন্য নয়, বিশ্বের জন্যও জ্বালানি পরিশোধন করতে পারব।”