জম্মু-কাশ্মীর পাকিস্তানের অংশ! ভারতের ভুল ম্যাপ দেখিয়ে ক্ষমা চাইল ইজরায়েল

আমুদরিয়া নিউজ: জম্মু ও কাশ্মীর নাকি পাকিস্তানের অংশ? শনিবার ইজরায়েলের পোস্ট করা এক মানচিত্রে এমনটাই দেখানো হল। যদিও এ নিয়ে সমালোচনা শুরু হওয়ায় দ্রুত ক্ষমাও চেয়ে নিয়েছে ইজরায়েল। শুক্রবার ইজরায়েল হামলা চালিয়েছে ইরানে। হামলার কারণ বোঝাতে গিয়ে সমাজমাধ্যমে একটি মানচিত্র পোস্ট করেছিল ইজ়রায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। মানচিত্রের একেবারে মাঝে ইরানকে দেখানো হয়েছে। তার চারপাশে বেশ কয়েকটি স্তর ভাগ করে বোঝানো হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা কত দূর পর্যন্ত বিস্তৃত। সেখানে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সুদান, তুরস্ক, চিন, কাজ়াখস্তান, রাশিয়া, ইউক্রেন, রোমানিয়া, বুলগেরিয়া, মিশর, লিবিয়া, ইথিওপিয়া, ওমান, জর্ডন এবং সৌদি আরবের নাম উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ, ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালে এই দেশগুলিতে তার প্রভাব পড়তে পারে। কিন্তু সেখানে ভারতের ভুল মানচিত্র দেখানো হয়েছে বলে অভিযোগ। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরকে সেই মানচিত্রে পাকিস্তানের অন্তর্ভুক্ত হিসাবে দেখানো হয়েছে। এমনকি নেপাল ও ভুটান এবং উত্তর-পূর্ব ভারতকে একটিই দেশ হিসাবে উল্লেখ করা হয়েছে। মুহূর্তের মধ্যে পোস্টটিকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয় ৷ সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন অনেকেই। এরপরই ভুল বুঝতে পেরে পালটা একটি পোস্টে ইজরায়েলি সেনার তরফে জানানো হয়, ‘এই পোস্টটি অঞ্চলের একটি চিত্র। এই মানচিত্রটি সীমানা সঠিকভাবে চিত্রিত করতে ব্যর্থ হয়েছে। এই ছবির কাউকে আঘাত দিয়ে থাকলে আমরা ক্ষমা চাইছি।’

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *