আমুদরিয়া নিউজ: ওড়িশার বালেশ্বর জেলার একটি জঙ্গল থেকে উদ্ধার হওয়া পাঁচটি শিশু ওরাংওটাংকে ঘিরে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারের আশঙ্কা আরও জোরালো হয়েছে। ঘটনার তদন্ত চলার মধ্যেই আজ জানা গিয়েছে, প্রাণীগুলির উৎস ইন্দোনেশিয়া বলে নিশ্চিত হলে তাদের ফিরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে ইন্দোনেশিয়া সরকার। প্রাথমিক পর্যবেক্ষণে এগুলি সুমাত্রার ওরাংওটাং হতে পারে বলে মনে করা হচ্ছে, যদিও চূড়ান্ত পরিচয় ও উৎস নির্ধারণে জেনেটিক পরীক্ষাসহ আরও তদন্ত হবে।
বর্তমানে পাঁচটি শিশু ওরাংওটাং ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানায় বিশেষ পর্যবেক্ষণে রয়েছে। ভারতীয় কর্তৃপক্ষও কীভাবে এই প্রাণীগুলি ভারতে পৌঁছাল, তা খতিয়ে দেখছে। গোটা ঘটনার সঙ্গে কোনও সংঘবদ্ধ আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্র জড়িত রয়েছে কি না, সেই সম্ভাবনাও তদন্তের আওতায় রয়েছে।