আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসের টেবিল টেনিসে দুর্দান্ত জয় ভারতের মহিলা দলের। সোমবার গ্রুপ এফ-এর ম্যাচে পাকিস্তানকে ৩–০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। তিনটি ম্যাচই সরাসরি তিন গেমে জিতেছেন ভারতীয় খেলোয়াড়রা।
প্রথম ম্যাচে সুথীর্থা মুখোপাধ্যায় পাকিস্তানের আলিনা খানকে ১১–৩, ১১–৩, ১১–৪ ব্যবধানে হারান। এরপর ১৭ বছরের সিন্ড্রেলা দাস কালসুম খানকে ১১–৬, ১১–৭, ১১–৫-এ হারিয়ে ভারতকে ২–০ এগিয়ে দেন।
তৃতীয় ম্যাচে শ্রীজা আকুলা ফাতিমা খানকে ১১–৪, ১১–৪, ১১–৫-এ হারিয়ে ভারতের জয় নিশ্চিত করেন। ফলে পাকিস্তানের বিরুদ্ধে ৩–০ জয়ের পাশাপাশি গ্রুপ এফ-এ ভারতের কোয়ার্টার ফাইনালের জায়গাও পাকা হয়ে যায়।
এর আগে রবিবার সিঙ্গাপুরের বিরুদ্ধে ৩–২ জিতে অভিযান শুরু করেছিল ভারতীয় মহিলা দল। পাকিস্তানের বিরুদ্ধে আজকের জয়ের ফলে গ্রুপ পর্বে ভারতের টানা তিনটি জয় হলো।