আমুদরিয়া নিউজ: মহাকাশ গবেষণায় আরও বড় পদক্ষেপের লক্ষ্যে এগোচ্ছে ভারত। ২০৩৫ সালের মধ্যে দেশের নিজস্ব মহাকাশ স্টেশন ‘ভারতীয় অন্তরীক্ষ স্টেশন’ গড়ে তোলার লক্ষ্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১০ সেপ্টেম্বর প্যারিসে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়াল ভাষণে তিনি বলেন, ভারতের আগামী মহাকাশ অভিযানের অন্যতম বড় লক্ষ্য নিজস্ব স্পেস স্টেশন প্রতিষ্ঠা করা।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, পাঁচটি মডিউল নিয়ে গড়ে তোলা হবে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন। ২০২৮ সালের মধ্যে এর প্রথম মডিউল উৎক্ষেপণের লক্ষ্য রয়েছে। সম্পূর্ণ মহাকাশ স্টেশনটি ২০৩৫ সালের মধ্যে প্রতিষ্ঠা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, কৃষি এবং মহাকাশ উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে মাইক্রোগ্রাভিটি নিয়ে গবেষণার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ২০৪০ সালের মধ্যে একজন ভারতীয়কে চাঁদে পাঠানোর লক্ষ্যও রয়েছে দেশের।