আমুদরিয়া নিউজ: দক্ষিণ ভারতের অন্যতম বড় বইমেলা চেন্নাই বুক ফেয়ারের ৫০তম সংস্করণ আগামী বছর অনুষ্ঠিত হতে চলেছে। ২০২৭ সালের ৭ থেকে ১৯ জানুয়ারি, চেন্নাইয়ের নন্দনমের YMCA গ্রাউন্ডে বসবে এই বিশেষ বইমেলা। ২৬ সেপ্টেম্বর এই সুবর্ণজয়ন্তী সংস্করণের লোগো ও ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে।
বইমেলার আয়োজক Booksellers and Publishers Association of South India বা BAPASI। সুবর্ণজয়ন্তী উপলক্ষে তামিলনাড়ু সরকার আয়োজকদের জন্য ১ কোটি টাকা আর্থিক সহায়তা অনুমোদন করেছে, যা গত বছরের ৭৫ লক্ষ টাকার তুলনায় বেশি।
এবারের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে সাহিত্যে নোবেলজয়ী লেখকদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি লাইব্রেরিতে সবচেয়ে বেশি যাতায়াত করা তিনজন পাঠককে সম্মান জানানোর উদ্যোগও নেওয়া হয়েছে। স্কুল পড়ুয়াদের বইমেলার সঙ্গে আরও বেশি যুক্ত করতে বক্তৃতা ও লেখার প্রতিযোগিতার আয়োজনের কথাও জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৭০-এর দশকে মাত্র ১৩টি স্টল নিয়ে চেন্নাই বইমেলার যাত্রা শুরু হয়েছিল। ২০২৬ সালের ৪৯তম সংস্করণে প্রায় ২০ লক্ষ দর্শক এসেছিলেন এবং প্রায় ৫০ লক্ষ বই বিক্রি হয়েছিল।