৯টা-৫টার চাকরি নয়, নিজের ব্যবসাতেই আগ্রহী জেন জি?

আমুদরিয়া নিউজ: চাকরি করে মাসের শেষে নির্দিষ্ট বেতন, অফিসের বাঁধাধরা সময় আর পদোন্নতির অপেক্ষা—কেরিয়ারের এই চেনা ছবিটা কি বদলে যাচ্ছে? তরুণ প্রজন্মের একাংশ এখন নিজের ব্যবসা, স্টার্টআপ কিংবা নতুন উদ্যোগ গড়ে তোলার স্বপ্ন দেখছে। শুধু স্বপ্ন নয়, সেই ভাবনাকে বাস্তবে রূপও দিচ্ছে অনেকে। সম্প্রতি সমীক্ষায় উঠে এসেছে, ভারতের ৪৩ শতাংশ কলেজপড়ুয়া নিজের ব্যবসা শুরু করতে আগ্রহী। ২৫,৭৮৩ জন পড়ুয়ার উপর, ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১,২০০-রও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে এই সমীক্ষা চালানো হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সমীক্ষায় অংশ নেওয়া ২২ শতাংশ পড়ুয়া ইতিমধ্যেই নিজেদের ব্যবসা শুরু করেছে।

তবে ব্যবসা শুরু করলেই যে সাফল্য আসছে, এমনটা নয়। সমীক্ষা অনুযায়ী, নিয়মিত বিক্রি হচ্ছে এমন পড়ুয়াদের ব্যবসার ৩৫.৫ শতাংশ ইতিমধ্যেই নিয়মিত আয় করছে। আবার ব্যবসা শুরু করে ব্যর্থ হওয়ার পর নতুন করে উদ্যোগ নিয়েছেন এমন তরুণের সংখ্যাও কম নয়। প্রায় ৪১ শতাংশ প্রতিষ্ঠাতা আগের ব্যবসা বন্ধ করে ফের নতুন ব্যবসা শুরু করেছেন।

এই প্রবণতার পিছনে রয়েছে নিজের সিদ্ধান্তে কাজ করার ইচ্ছা, আর্থিক স্বাধীনতা, নতুন কিছু তৈরির আগ্রহ এবং প্রযুক্তির সহজলভ্যতা। বিশেষ করে এআই ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করার সুযোগ তৈরি হয়েছে। তবে চাকরির প্রতি অনীহাই যে এর একমাত্র কারণ, তা বলা যাবে না। বরং তরুণদের একাংশ চাকরির পাশাপাশি স্বাধীনভাবে কিছু করার পথও খুঁজছে। অর্থাৎ, জেন জি-র কাছে কেরিয়ার মানেই আর শুধু ৯টা-৫টার চাকরি নয়; নিজের পরিচয় তৈরি করার স্বপ্নও ক্রমশ গুরুত্ব পাচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *