পথে নেমেই পরিচিতি, নেহা বোরা এখন ছাত্র-যুব আন্দোলনের অন্যতম মুখ

আমুদরিয়া নিউজ: দিল্লি থেকে কলকাতা—আন্দোলনের মঞ্চে বারবার উঠে আসছে নেহা বোরার নাম। নকশালপন্থি দল সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সভাপতি নেহা বর্তমানে দেশের ছাত্র ও যুব আন্দোলনের অন্যতম পরিচিত মুখ।

চলতি বছরের জুলাইয়ে নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে আরও বেশি করে নজরে আসেন নেহা। এরপর ঝাড়খণ্ডে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদ, বিহারে আন্দোলনকারী ছাত্রদের মুক্তির দাবি—একাধিক আন্দোলনে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায় তাঁকে।

সম্প্রতি দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেন নেহা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়ান তিনি। তার পরদিনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে তাঁর বার্তা, “দিল্লিতে রক্তক্ষরণ হলে কলকাতা উঠে দাঁড়ায়, কলকাতার রক্ত বইলেও দিল্লি পাশে থাকবে।”

উত্তরাখণ্ডের বাসিন্দা নেহা দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং আম্বেদকর বিশ্ববিদ্যালয় থেকে এমএ সম্পন্ন করেছেন। বর্তমানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। বিশ্ববিদ্যালয় রাজনীতি থেকে ধীরে ধীরে জাতীয় স্তরের ছাত্র ও যুব আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছেন তিনি।

তাঁর বক্তব্যে বারবার উঠে আসে একসঙ্গে লড়াই করার বার্তা। নেহার মতে, তরুণ প্রজন্মকে একে অপরের বিরুদ্ধে নয়, বরং একে অপরের জন্য লড়াই করতে হবে। তাঁর কাছে এই আন্দোলন শুধু কোনও নির্দিষ্ট দাবি আদায়ের লড়াই নয়, বরং গণতন্ত্র ও দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো রক্ষার বৃহত্তর সংগ্রামের অংশ।

সামাজিক মাধ্যমেও তাঁর বক্তৃতার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অভিজিৎ দীপকের সঙ্গে তাঁকে তুলনা করা হলে নেহার বার্তা—“তুলনা নয়, সংহতি। আমরা একসঙ্গে লড়ি।”

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *