বচসা থেকে খুন, গণপিটুনিতে প্রাণ গেল অভিযুক্তের

আমুদরিয়া নিউজ : বচসার জেরে এক যুবককে খুন করে পালিয়ে যাচ্ছিলেন অপর এক যুবক। কিন্তু শেষ রক্ষা হলো না, উত্তেজিত জনতার প্রহারে মারা গেলেন অভিযুক্ত সেই যুবক। হ্যাঁ এমনই হাড়হিম করা ঘটনা ঘটল কোচবিহারে। মঙ্গলবার বাণেশ্বরের বোকালির মাঠ এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় যুবক সুকুমার ভুঁইয়ার বাড়ির পাশেই একটি যাযাবর পরিবার বেশ কিছুদিন ধরেই বসবাস করছিল। অভিযোগ, সুকুমার তাঁদের সেখান থেকে উঠে যেতে বললেও ওই পরিবার তাতে কান দেয়নি। বরং এই নিয়ে বেশ কয়েকবার তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার তা চরমে পৌঁছায়। ওই পরিবারের একটি তরুণ সদস্যের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। সেইসময় ওই যাযাবর যুবক তাঁর গলায় ধারালো ছুরি চালিয়ে দেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুকুমারের (২৭)।

এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছুটে আসেন স্থানীয়রা। তাঁদের সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে অভিযুক্তের ওপর। তাঁদের গণপিটুনিতে মৃত্যু হয়, ওই যাযাবর যুবকের। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুণ্ডিবাড়ি থানার পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনো পর্যন্ত পাঁচ জনকে আটক করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পেছনে প্রকৃত কারণ কী, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *