আমুদরিয়া নিউজ: মণিপুরে নতুন করে জাতিগত সংঘর্ষে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার নোনি জেলায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গোলাগুলিতে কুকি সম্প্রদায়ের তিনজন নিহত হন। এ ছাড়া, সপ্তাহের শুরু থেকে নিখোঁজ থাকা আরও দুই কুকি সদস্যের দেহ রবিবার ক্যাংপোকপি জেলা থেকে উদ্ধার হয়েছে।
হত্যাকাণ্ডের জন্য নাগা সশস্ত্র গোষ্ঠীগুলিকে দায়ী করেছে কুকি মানবাধিকার সংগঠন। অন্যদিকে, কুকি সশস্ত্র গোষ্ঠীগুলির সঙ্গে কেন্দ্রের যুদ্ধবিরতি চুক্তি বাতিলের দাবিতে ইম্ফল-সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে। উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে জাতিগত সংঘাতে ৩০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ৬০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
Total Views:
0