আমুদরিয়া নিউজ: হত্যা মামলা থেকে বাঁচতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে নিজের মৃত্যুর নাটক সাজিয়েও শেষরক্ষা হল না। প্রায় দেড় বছর পর উত্তর প্রদেশের মৌ জেলা থেকে গ্রেফতার হলেন রাজকুমার রাজভর।
পুলিশ সূত্রে খবর, ২০১৬ সালে যোগেশ সিংকে হত্যার মামলায় অভিযুক্ত ছিলেন রাজকুমার। বিচার এড়াতে ২০২৫ সালের মে মাসে নিজের মৃত্যুর ভুয়ো প্রমাণ তৈরি করেন তিনি। অন্ত্যেষ্টি ক্রিয়ার ছবিতে এআই দিয়ে নিজের মুখ বসিয়ে এবং মরদেহের বদলে ছাগল পুড়িয়ে মৃত্যুর ঘটনা সাজানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। জাল নথির ভিত্তিতে মৃত্যুসনদও আদায় করেন তিনি।
পুলিশের দাবি, হত্যা মামলার বিচার এড়ানোর পাশাপাশি শেয়ারবাজারে বিনিয়োগের নামে নেওয়া টাকা ফেরত দেওয়ার দায় থেকেও বাঁচতে এই পরিকল্পনা করেছিলেন রাজকুমার। তাঁর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে নতুন মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।