আমুদরিয়া নিউজ: স্কটল্যান্ডের ছোট্ট লিসমোর দ্বীপে প্রত্নতাত্ত্বিক খননে মিলেছে ষষ্ঠ শতকের একটি গুরুত্বপূর্ণ মঠের সন্ধান। গবেষকদের মতে, আবিষ্কারগুলি মধ্যযুগের গোড়ার দিকে ব্রিটেনে খ্রিস্টধর্মের বিস্তার সম্পর্কে নতুন তথ্য দিতে পারে।
স্থানীয় ঐতিহ্য সংস্থার উদ্যোগে প্রত্নতাত্ত্বিকদের সহযোগিতায় চালানো খননে পাওয়া গেছে প্রাচীন সমাধিক্ষেত্র, অলংকৃত পাথরের নিদর্শন এবং প্রাথমিক যুগের স্থাপনার চিহ্ন। পাশাপাশি বেশ কিছু ছোট ক্রুসিবল বা ধাতু গলানোর পাত্রও উদ্ধার হয়েছে। এগুলিতে সোনা, রুপো ও তামা গলানোর প্রমাণ পাওয়া গেছে বলে গবেষকদের দাবি।
প্রত্নতাত্ত্বিকদের মতে, এই আবিষ্কার থেকে বোঝা যাচ্ছে যে লিসমোরের প্রাচীন মঠটি হয়তো ছোট কোনও দ্বীপ-গির্জা ছিল না; বরং ষষ্ঠ শতকেই এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। মঠটির প্রতিষ্ঠার সঙ্গে সেন্ট মোলুয়াগের নাম যুক্ত।
গবেষকদের বক্তব্য, এতদিন প্রাচীন স্কটল্যান্ডের খ্রিস্টধর্মের ইতিহাসে লিসমোরের গুরুত্ব তুলনামূলকভাবে কম আলোচিত ছিল। নতুন আবিষ্কার সেই ইতিহাসকে নতুনভাবে মূল্যায়নের সুযোগ তৈরি করেছে। গবেষণার ফলাফল শীঘ্রই Antiquity পত্রিকায় প্রকাশিত হওয়ার কথা।