অমিত মালব্যকে শোকজ শিশু অধিকার সুরক্ষা কমিশনের, কী কারণ?

আমুদরিয়া নিউজ: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে মৃত এক নাবালিকার পরিচয় প্রকাশ্যে আনার জন্য  বিজেপি নেতা অমিত মালব্যকে শোকজ নোটিস পাঠাল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন। কয়েকদিন আগে ক্যানিংয়ে বাড়ি থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। বাংলায় বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য এই নিয়ে এক্স হ্যান্ডলে লেখেন, ওই নাবালিকাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। বাংলায় মেয়েরা সুরক্ষিত নন বলেও পোস্টে দাবি করেন তিনি। ওই পোস্টের সঙ্গে নাবালিকার ব্লার করা ছবিও দেন। কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস জানিয়েছেন, মালব্য তাঁর এক্স হ্যান্ডলে মৃত নাবালিকার একটি ছবি পোস্ট করেছেন। যদিও সেটি ব্লার করা ছিল, তবুও নাবালিকাকে স্পষ্ট চেনা যাচ্ছে। এটি জুভেনাইল জাস্টিস আইন ২০১৫-র ৭৪ ধারার লঙ্ঘন বলে চিহ্নিত করেছে কমিশন। এদিকে অমিতের অভিযোগ উড়িয়ে বারুইপুর পুলিশ ঘটনার ময়নাতদন্তের রিপোর্টে জানায়, রিপোর্টে যৌন হেনস্থার কোনও চিহ্ন মেলেনি। বিষাক্ত কিছু খেয়ে মেয়েটির মৃত্যু হয়েছে। এবার শিশু অধিকার সুরক্ষা কমিশনও মালব্যকে নোটিস পাঠিয়ে জানতে চেয়েছে, কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তিন দিনের মধ্যে এই নোটিসের জবাব দিতে বলা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *