আমুদরিয়া নিউজ: মেয়ের খুনের ঘটনায় ন্যায়বিচার এবং কথিত ‘ভিআইপি যোগ’-এর তদন্তের দাবিতে দিল্লির ইন্ডিয়া গেটে ধর্নায় বসেছিলেন উত্তরাখণ্ডের অঙ্কিতা ভাণ্ডারীর বাবা-মা। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ তাঁদের আটক করে দিল্লি পুলিশ। তাঁদের সঙ্গে কংগ্রেস নেতা পবন খেড়া-সহ একাধিক বিক্ষোভকারীকেও আটক করা হয়। পরে অবশ্য সকলকে ছেড়ে দেওয়া হয়।
অঙ্কিতার পরিবারের দাবি, কথিত ‘ভিআইপি যোগ’-এর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিজেপি নেতা দুষ্যন্ত কুমার গৌতমের সিকিমের রাজ্যপাল পদে নিয়োগ স্থগিত রাখতে হবে। অঙ্কিতার বাবা সরকারের কাছে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে জানিয়েছেন, দাবি পূরণ না হলে দেশজুড়ে আন্দোলন হবে। ধরনায় বাধা দেওয়া হলে বাড়িতেই অনশন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন অঙ্কিতার মা।
উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে উত্তরাখণ্ডের একটি রিসর্টে কর্মরত ১৯ বছরের অঙ্কিতাকে খুন করা হয়। এই মামলায় রিসর্টের মালিক পুলকিত আর্য-সহ তিনজনকে ২০২৫ সালের মে মাসে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তবে কথিত ‘ভিআইপি যোগ’-এর তদন্তের দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে অঙ্কিতার পরিবার।