আমুদরিয়া নিউজ: রাজধানী দিল্লির যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করতে বড় পদক্ষেপ কেন্দ্রের। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি দিল্লি পুলিশের Intelligent Traffic Management System (ITMS) প্রকল্পে ১,৭৮৯.৫২ কোটি টাকা অনুমোদন করেছে। প্রকল্পটির লক্ষ্য প্রযুক্তিনির্ভরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ, যানজট কমানো এবং পথচারী ও গাড়িচালকদের যাতায়াত নিরাপদ ও কার্যকর করা।
প্রকল্পের আওতায় দিল্লির ৪২টি গুরুত্বপূর্ণ ট্রাফিক করিডরকে আধুনিক ব্যবস্থার আওতায় আনা হবে বলে জানা গেছে। কাজটি তিনটি পর্যায়ে মোট ২৪ মাসে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এরপর পাঁচ বছর অপারেশন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকবে।
নতুন ব্যবস্থায় AI-নির্ভর অ্যাডাপটিভ ট্রাফিক সিগন্যাল, প্রযুক্তিনির্ভর ট্রাফিক আইন প্রয়োগ এবং রিয়েল-টাইম ট্রাফিক তথ্যের ব্যবস্থা থাকবে। অর্থাৎ যান চলাচলের পরিস্থিতি অনুযায়ী সিগন্যালের সময় পরিবর্তন করা সম্ভব হবে। এর পাশাপাশি অ্যাম্বুল্যান্সের মতো জরুরি পরিষেবার যানবাহনকে দ্রুত রাস্তা করে দেওয়ার ব্যবস্থাও থাকবে। দুর্ঘটনা বা আচমকা যানজটের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যও রাখা হয়েছে।