আমুদরিয়া নিউজ: মুম্বাইয়ের একটি আবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে কয়েকটি লাড্ডুর ছবি পোস্ট করেই শুরু হয়েছিল রিচা শর্মার যাত্রা। উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা রিচা নিজের হাতে তৈরি স্বাস্থ্যকর ও ঐতিহ্যবাহী খাবার দিয়ে গড়ে তুলেছেন ‘হাম্বল ফ্লেভারস’ নামের সফল ব্র্যান্ড। কোনও বড় বিজ্ঞাপন ছাড়াই মুখে মুখে প্রচারের মাধ্যমে তাঁর পণ্য এখন ১৫টিরও বেশি দেশে পৌঁছে গিয়েছে এবং প্রতি মাসে ৫০০-র বেশি অর্ডার পূরণ করছে সংস্থা।
২০০৬ সালে জয়পুর থেকে এমবিএ করার পর রিচা মাইক্রোফাইন্যান্স সংস্থা ও পরে বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন। ২০১৮ সালে দ্বিতীয় সন্তানের জন্মের পর সন্তানদের জন্য পুষ্টিকর খাবার তৈরির ভাবনা থেকেই তিনি ঘরোয়া লাড্ডু ও স্বাস্থ্যকর স্ন্যাকস বানানো শুরু করেন। বন্ধু ও পরিবারের প্রশংসা পেয়ে ২০১৯ সালে ‘রিচাস প্ল্যাটার’ নামে ছোট উদ্যোগ শুরু করেন।
মুম্বাইয়ের আবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে অর্ডার নেওয়ার পর তাঁর তৈরি গম ও ছোলার আটার লাড্ডু দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এরপর করোনা মহামারীর সময় স্বাস্থ্যকর ও প্রিজারভেটিভ-মুক্ত খাবারের চাহিদা বাড়তেই তিনি ‘হাম্বল ফ্লেভারস’ নামে ব্র্যান্ড চালু করেন।জানা গিয়েছে, বর্তমানে ‘হাম্বল ফ্লেভারস’-এর বার্ষিক টার্নওভার প্রায় ২৪ লক্ষ টাকা।