আমুদরিয়া নিউজ: গত মাসে রায়ানায়ার বিমানের জানালা ভেঙে এক যাত্রীর মাথা ও কাঁধ বাইরে চলে যাওয়ার ঘটনার তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে মার্কিন তদন্ত সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। তাদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিমানের ডানদিকের ইঞ্জিনের একটি ব্লেড ভেঙে ছিটকে এসে কেবিনের জানালায় আঘাত করার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল।গত ১০ই জুলাই গ্রিস থেকে জার্মানিগামী ওই ফ্লাইটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। জানালাটি ভেঙে যাওয়ার সাথে সাথে লুব্বিসা কারোভিচ নামের এক সার্বিয়ান যাত্রীর মাথা ও ডান কাঁধ ভ্যাকুয়ামের তীব্র টানে প্লেনের বাইরে চলে যায়। তাঁর স্ত্রী পরবর্তীতে জানান, তিনি এবং আরও দুই যাত্রী মিলে প্রায় কয়েক মিনিট ধরে ওই ব্যক্তির পা শক্ত করে ধরে রেখেছিলেন, যার ফলে তাঁর প্রাণ রক্ষা পায়। তবে তিনি গুরুতর আহত ও ট্রমার শিকার হয়েছেন।