আমুদরিয়া নিউজ: দিল্লির বেলা এস্টেট এলাকায় ভোটার তালিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী দাবি করেছেন, এলাকায় বসবাসকারী ৭২৮ জনের মধ্যে ৭২৭ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তাঁর বক্তব্য, এই বাসিন্দাদের অনেকেই দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন।
তবে নির্বাচন কমিশন জানিয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট Electoral Registration Officer (ERO)-র মাধ্যমে আগেই খতিয়ে দেখা হয়েছে। কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, ওই এলাকার পুরনো বাড়িঘর ২০২২-২৩ সালে ভেঙে দেওয়া হয়েছিল এবং ভোটারদের নথিভুক্ত ঠিকানায় তাঁরা আর বসবাস করছেন কি না, সেই বিষয়টি Special Intensive Revision বা SIR-এর সময় যাচাই করা হয়।
কমিশন আরও জানিয়েছে, দিল্লিতে ভোটার তালিকা সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর সময়সীমা ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। যাঁদের নাম খসড়া তালিকায় নেই, তাঁরা নিয়ম মেনে Form-6 জমা দিয়ে নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন।