আমুদরিয়া নিউজ: জম্মু-কাশ্মীরে পরপর দুই ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। কিস্তওয়ারে নিখোঁজ দুই পুলিশ আধিকারিকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। অন্যদিকে, কুলগামে জঙ্গি হামলায় আহত হয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা সিআরপিএফ জওয়ান শান্তনু চন্দ্র-সহ তিনজন।
বুধবার, ১১ নভেম্বর কিস্তওয়ারের দুর্গম দাচ্ছন-মারওয়া এলাকায় টহল দেওয়ার সময় নিখোঁজ হয়ে যান দুই পুলিশ আধিকারিক রশপাল কুমার ও ববি চাঁদ। বৃহস্পতিবার সকালে ধেরনা এলাকার জঙ্গল থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। দু’জনের শরীরেই গুলির চিহ্ন মিলেছে। তাঁদের সঙ্গে থাকা দুটি আগ্নেয়াস্ত্রও খুঁজে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। ঘটনার তদন্তে যৌথ তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনী।
অন্যদিকে, বুধবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের কুলগামের মীরবাজার এলাকায় সিআরপিএফের একটি চেকপোস্টে হামলা চালায় দুই সশস্ত্র জঙ্গি। গুলিতে আহত হন তিন জওয়ান। তাঁদের মধ্যে গুরুতর আহত হেড কনস্টেবল সোনবির সিং শ্রীনগরের হাসপাতালে চিকিৎসাধীন। বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা শান্তনু চন্দ্র এবং রাকেশ দাসের শারীরিক অবস্থা স্থিতিশীল।
এই হামলার তদন্তে জানা গিয়েছে, ঘটনার দু’দিন আগে এক কিশোর ওই চেকপোস্টে এসে জওয়ানদের হুমকি দিয়েছিল। হামলার সঙ্গে ওই ঘটনার যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার হয়েছে। হামলার পিছনে লস্কর-ই-তৈবার স্থানীয় কমান্ডার মহম্মদ লতিফ ভাটের হাত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।