আমুদরিয়া নিউজ: অসম থেকে ফিরিয়ে আনার কয়েক দিনের মধ্যেই ফের উধাও বক্সা টাইগার রিজার্ভের বাঘিনি ‘ডুয়ার্সের রানি’। গত ৮ নভেম্বর লোহার এনক্লোজারের নিচে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যায় তিন বছর বয়সি বাঘিনিটি। তার খোঁজে জঙ্গলজুড়ে তল্লাশি চালাচ্ছে বন দফতর। মোতায়েন করা হয়েছে প্রায় ৬০ জন বনকর্মী ও ছ’টি কুনকি হাতি। বাঘিনিকে অসমের দিকে যাওয়া থেকে আটকাতে ঢাক-ঢোল ও কাঁসর বাজিয়েও শব্দ তৈরি করা হচ্ছে।
বাঘিনির গলায় থাকা রেডিও কলারের মাধ্যমে তার অবস্থান জানার চেষ্টা চলছে। জানা গিয়েছে, জয়ন্তী নদী পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল সে। উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বাঘিনিটিকে বক্সায় আনা হয়েছিল। ৪ অক্টোবর এনক্লোজার থেকে পালিয়ে অসমের রাইমোনা বনাঞ্চলে পৌঁছে যায় সে। পরে ৩ নভেম্বর পশ্চিমবঙ্গ ও অসমের বন দফতরের যৌথ অভিযানে কোকরাঝাড় থেকে তাকে উদ্ধার করে বক্সায় ফিরিয়ে আনা হয়। কিন্তু কয়েক দিনের মধ্যেই ফের পালিয়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে বন দফতরের।