আমুদরিয়া নিউজ: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের জন্য ফের সুযোগ দিল নির্বাচন কমিশন। অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত ও ডুপ্লিকেট (ASDD) হিসেবে চিহ্নিত ভোটারদের মধ্যে যাঁরা এনুমারেশন ফর্ম জমা দিতে পারেননি , তাঁরা এবার চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য ফের আবেদন করতে পারবেন। শুক্রবার দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, তেলঙ্গানা ও নাগাল্যান্ডের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই নির্দেশ দিয়েছে কমিশন।
নির্দেশিকা অনুযায়ী, যাঁদের ঠিকানা বদলায়নি, তাঁরা কারণ উল্লেখ করে বিবৃতিসহ এনুমারেশন ফর্ম জমা দিতে পারবেন। একই রাজ্যের মধ্যে ঠিকানা বদল হলে নতুন ঠিকানার প্রমাণপত্র-সহ ফর্ম জমা দিতে হবে। অন্যদিকে, ফর্ম ৬-এর মাধ্যমে নতুন ভোটার হিসেবে আবেদনকারীদের আর এনুমারেশন ফর্ম জমা দিতে হবে না। কোনও যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়েন, তা নিশ্চিত করতে প্রচার ও প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশও দিয়েছে কমিশন।