আমুদরিয়া নিউজ: ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী হচ্ছে না। বুধবার শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, দেশজুড়ে জনগণনার কাজে শিক্ষক ও শিক্ষাকর্মীদের যুক্ত থাকার কারণে দুই পরীক্ষাই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে ২ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে পারে। উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা ২২ মার্চের পর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সূচি এখনও প্রকাশিত হয়নি।
পাশাপাশি, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সপ্তম ও অষ্টম শ্রেণিতে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন পাঠ্যক্রমে থাকবে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোডিং। সরকারি পাঠ্যবইয়ে সম্পূর্ণ বন্দে মাতরম এবং সংবিধানের প্রস্তাবনাও অন্তর্ভুক্ত করা হবে। অন্যদিকে, সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।