আমুদরিয়া নিউজ: উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের গ্রীষ্মকালীন অবকাশ যাপন কেন্দ্রের কাছে একটি বিশাল ও বিলাসবহুল প্রমোদতরী বা বোট নোঙর করে রাখার বেশ কিছু উপগ্রহ চিত্র প্রকাশ্যে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ৫০ মিটার দীর্ঘ এই লাক্সারি বোটে একটি বড় সুইমিং পুল এবং ওয়াটার স্লাইডসহ আধুনিক বিনোদনের সমস্ত রাজকীয় ও বৈভবের ব্যবস্থা রয়েছে।
যেখানে উত্তর কোরিয়ার সাধারণ নাগরিকরা বছরের পর বছর ধরে তীব্র অর্থনৈতিক মন্দা, খাদ্যসংকট ও চরম দারিদ্র্যের সাথে লড়াই করছেন, সেখানে দেশের রাষ্ট্রপ্রধানের এমন চরম বিলাসবহুল জীবনযাপন আন্তর্জাতিক মহলে নতুন করে তীব্র সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। গোয়েন্দা সংস্থাগুলির মতে, এই বিশেষ রিসোর্ট অঞ্চলটি কিমের পরিবার ও অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তের বিনোদনের জন্য কড়া সামরিক পাহারায় রাখা হয়।