আমুদরিয়া নিউজ: পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে রাষ্ট্রসংঘের কাছে জবাব চাইল ভারত। বুধবার রাষ্ট্রসংঘের সাধারণ সভার তৃতীয় কমিটিতে নয়াদিল্লি জানতে চেয়েছে, এই বিষয়ে পাকিস্তানকে দেওয়া নির্দেশের ভিত্তিতে মানবাধিকার দফতরের রিপোর্ট কবে প্রকাশিত হবে।
রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি অনুজ স্বরূপের অভিযোগ, পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের মৃত্যু, রাজনৈতিক নেতাদের গ্রেফতার এবং ইন্টারনেট পরিষেবায় বিধিনিষেধ নিয়ে উদ্বেগ রয়েছে। ধৃত নেতাদের আইনি সহায়তা ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবিও জানিয়েছে ভারত।
উল্লেখ্য, গত জুলাইয়ে পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতর। এ বার সেই বিষয়ে রিপোর্ট প্রকাশের সময়সীমা জানতে চেয়ে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে সরব হল নয়াদিল্লি।