আমুদরিয়া নিউজ: দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা পরিষেবা উন্নত করতে নতুন উদ্যোগ নিচ্ছে ভারত। হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি জেলার কেলংয়ে তৈরি হতে চলেছে উচ্চতাজনিত চিকিৎসা ও জনস্বাস্থ্য গবেষণার জন্য দেশের প্রথম বিশেষায়িত কেন্দ্র। সোমবার, ১২ অক্টোবর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার এই কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা ICMR-এর অধীনে গড়ে উঠবে এই কেন্দ্র। এখানে উচ্চতাজনিত রোগ, প্রচণ্ড ঠান্ডায় স্বাস্থ্যসমস্যা, মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি এবং মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা হবে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের সঙ্গে স্বাস্থ্যের সম্পর্কও খতিয়ে দেখা হবে।
প্রত্যন্ত পাহাড়ি এলাকায় চিকিৎসা পৌঁছে দিতে টেলিমেডিসিন, ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা এবং ড্রোনের মাধ্যমে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়ার সম্ভাবনাও পরীক্ষা করা হবে। দুর্গম অঞ্চলের মানুষের স্বাস্থ্যসুরক্ষা এবং উচ্চতাজনিত রোগের মোকাবিলায় এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।