আমুদরিয়া নিউজ: রেস্তোরাঁর খাবারের গুণমান ও রান্নাঘরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশন। শহরের রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলিকে রান্নাঘরে CCTV ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই ক্যামেরার লাইভ ফুটেজ গ্রাহকদের দেখানোর ব্যবস্থাও করতে বলা হয়েছে।
সম্প্রতি সুরাটের বিভিন্ন রেস্তোরাঁর রান্নাঘরের অপরিচ্ছন্নতা এবং নিম্নমানের খাবার নিয়ে অভিযোগ ও সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও সামনে আসে। এরপরই খাদ্য নিরাপত্তা নিয়ে অভিযান জোরদার করে পুরসভা।
পুরসভার সাম্প্রতিক দু’দিনের অভিযানে ১৫৭টি খাবারের প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৮৭টি প্রতিষ্ঠানকে নোটিস দেওয়া হয়েছে। পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে ৭২টি খাবারের নমুনা। পাশাপাশি ৩২৮ কেজি নিম্নমানের খাবার নষ্ট করা হয়েছে এবং মোট ৪ লক্ষ ৬৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পুরসভার এই উদ্যোগের মূল লক্ষ্য—গ্রাহক যাতে খাবার তৈরির পরিবেশ সম্পর্কে স্বচ্ছ ধারণা পান এবং রেস্তোরাঁগুলিও রান্নাঘরের পরিচ্ছন্নতা ও খাদ্য নিরাপত্তা বজায় রাখতে সতর্ক হয়।