বক্সায় ফিরছে বাঘ, ৩০ সেপ্টেম্বর থেকে চার দিন বন্ধ পর্যটন

আমুদরিয়া নিউজ: উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফিরতে চলেছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ পুনঃপ্রবর্তন কর্মসূচিকে ঘিরে আজ, ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বক্সা টাইগার রিজার্ভে জঙ্গল সাফারি-সহ সমস্ত পর্যটন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর।

এই উদ্যোগের প্রথম ধাপে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে একটি তিন বছরের বাঘিনীকে বক্সায় আনার প্রস্তুতি চলছে। ২৯ সেপ্টেম্বর দীর্ঘ প্রক্রিয়ার পর বাঘিনীটিকে সফলভাবে ধরার খবরও সামনে এসেছে। তাকে রেডিও-কলার পরানো হয়েছে এবং নিরাপদে বক্সায় নিয়ে আসার প্রস্তুতি চলছে।

পরিকল্পনা অনুযায়ী, ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনে বক্সার জঙ্গলে বাঘিনীটিকে ছাড়ার কর্মসূচি রয়েছে। দীর্ঘমেয়াদে বক্সায় একটি স্থায়ী প্রজননক্ষম বাঘের জনসংখ্যা গড়ে তোলাই এই পুনঃপ্রবর্তন প্রকল্পের লক্ষ্য। পরবর্তী পর্যায়ে আরও বাঘ আনার পরিকল্পনাও রয়েছে।

বাঘের নিরাপদ পুনঃপ্রবর্তন এবং প্রয়োজনীয় প্রস্তুতির কারণেই চার দিনের জন্য পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। বর্ষার শেষ প্রহর পেরিয়ে শরতের দোরগোড়ায় বক্সার জঙ্গলে তাই এখন অপেক্ষা এক নতুন অতিথির—বাঘের প্রত্যাবর্তনের।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *