আমুদরিয়া নিউজ: রবিবার কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, অর্থাৎ এসআরএফটিআই-তে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ক্যাম্পাসে আয়োজিত নিখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের একটি কর্মসূচিকে ঘিরে দুই পক্ষের মধ্যে বচসা এবং পরে সংঘর্ষের অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই অনুষ্ঠানটি চলছিল। অনুষ্ঠান চলাকালীন কয়েকজন পড়ুয়া সেখানে ঢোকেন বলে জানা যায়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পক্ষের অভিযোগ, অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে পড়ুয়াদের দাবি, ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ডিসি অরিন্দম সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। তবে পুলিশ পৌঁছনোর পরও দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগ। কয়েকজন অধ্যাপকও ঘটনায় সমস্যায় পড়েছেন বলে জানা গিয়েছে।
এদিকে পড়ুয়াদের একাংশ ক্যাম্পাসের গেট আটকে দেন। একটি বাসও আটকে রাখা হয়েছে। ওই বাসে কারা ছিলেন, তা নিয়ে পড়ুয়াদের মধ্যে আপত্তি তৈরি হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি ক্যাম্পাসের বাইরে থেকে ইট ও জলের বোতল ছোড়ার অভিযোগও উঠেছে।
ঘটনায় চারজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসআরএফটিআই চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অশান্তির প্রকৃত কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।