মাটিগাড়ায় চায়ের দোকান থেকে সোনার গয়না উধাও

আমুদরিয়া নিউজ: মাটিগাড়া বাজার সংলগ্ন চায়ের দোকান থেকে সোনার গয়না উধাও হওয়ার অভিযোগ। আর অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিখোঁজ সোনা উদ্ধার করল মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চায়ের দোকানের মালিক বিমলা ঝা গত ২২ সেপ্টেম্বর কাজ শুরুর আগে নিজের সোনার গয়না খুলে একটি ব্যাগে রেখেছিলেন। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পর ব্যাগ খুলতেই দেখেন, গয়নাগুলি নেই।

এরপরই মাটিগাড়া থানায় অভিযোগ জানান তিনি। তদন্তে পুলিশ জানতে পারে, দোকানের পিছনে তখন নির্মাণকাজ চলছিল। সেখানে কাজ করা চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর ২৬ বছরের রামকুমার বর্মন এবং ২১ বছরের সচিন মাঝির উপর সন্দেহ হয় পুলিশের। এফআইআর দায়েরের পর অ্যান্টি ক্রাইম উইং অভিযান শুরু করে।

পুলিশের দাবি, রাত আড়াইটে নাগাদ অভিযান চালিয়ে নিখোঁজ সোনার গয়না উদ্ধার করা হয়। ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। তাঁদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।

তবে গয়না কীভাবে দোকান থেকে বেরিয়ে গেল এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে মাটিগাড়া থানার পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *