আমুদরিয়া নিউজ: সময়ের স্রোত অনেক কিছুই মুছে দিয়েছে। বদলেছে রাস্তা, বদলেছে শহরের চেহারা। তবু জলপাইগুড়ির পূর্ত দফতরের প্রাঙ্গণে আজও নীরবে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের এক সাক্ষী—‘স্টিম সাহেব’। একসময় যার বুকে আগুন জ্বলত, বয়লারে কয়লা পুড়ত, আর বাষ্পের শক্তিতে এগিয়ে চলত বিশাল লোহার চাকা।
ইংল্যান্ডের ইয়র্কশায়ারের John Flower & Company-তে তৈরি এই বাষ্পচালিত রোলার একসময় জলপাইগুড়ি থেকে রংপুর পর্যন্ত রাস্তা নির্মাণ ও মেরামতির কাজে ব্যবহৃত হয়েছে। ১৯৬৫ সালে তার কর্মজীবনের অবসান ঘটে। কিন্তু কাজ থামলেও থামেনি তার গল্প।
১৯৭১ সাল থেকে বিশ্বকর্মা পুজোর দিনে নিয়ম করে ‘স্টিম সাহেব’-এরও পুজো হয়ে আসছে। এ বছর সেই পরম্পরা ৫৭ বছরে পা দিল। বর্তমান কর্মীদের পাশাপাশি বহু অবসরপ্রাপ্ত কর্মীও প্রতি বছর পুজোর দিনে পুরনো স্মৃতির টানে এখানে ফিরে আসেন, স্মৃতির দরজা খুলে যায়, আর নতুন প্রজন্মের সামনে জীবন্ত হয়ে ওঠে এক হারিয়ে যাওয়া সময়।
আজ আর তার চাকা ঘোরে না, ওঠে না ধোঁয়া। তবু ‘স্টিম সাহেব’ যেন জলপাইগুড়ির মাটিতে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত স্মৃতিফলক—যার শরীরে লেগে আছে শ্রমের ঘাম, পুরনো দিনের পথচলা আর কয়েক প্রজন্মের ভালোবাসা।