আমুদরিয়া নিউজ: পরিচয় নিয়ে সন্দেহের জেরে দীর্ঘ ৮৭ দিন হেফাজত ও জেলে কাটানোর পর বাড়ি ফিরেছেন উত্তর দিনাজপুরের বাগরুই গ্রামের দিনমজুর জলিল আখতার। পুলিশের অভিযোগ ছিল, তিনি বাংলাদেশের নাগরিক। কিন্তু জলিল ও তাঁর পরিবার শুরু থেকেই দাবি করে আসছিলেন, তিনি ভারতীয় নাগরিক এবং দীর্ঘদিন ধরে ওই এলাকাতেই বসবাস করছেন।
জানা গিয়েছে, গত ১৯ জুন রাতে ডালখোলা থানার পুলিশ তাঁকে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর তাঁকে উত্তর দিনাজপুরের একটি হোল্ডিং সেন্টার, ফুলবাড়ি এলাকার একটি আটককেন্দ্র এবং পরে ইসলামপুর জেলে রাখা হয়। পরিবারের দাবি, জলিলের কাছে আধার, ভোটার কার্ড, প্যান কার্ড-সহ একাধিক নথি রয়েছে। তাঁর নামও বিভিন্ন বছরের ভোটার তালিকায় রয়েছে।
মামলার শুনানিতে তদন্তকারী সংস্থার যাচাই করা নথিতে তাঁর নাম ভোটার তালিকায় থাকার বিষয়টি উঠে আসে। আদালতও জানায়, নথিগুলি জাল বা ভুয়ো—এমন প্রমাণ আপাতত পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ১৪ সেপ্টেম্বর জামিন মঞ্জুর হয় এবং মুক্তি পান জলিল। তবে আদালত স্পষ্ট করে জানায়, জামিনের পর্যায়ে তাঁর নাগরিকত্বের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না।
বাড়ি ফিরলেও আতঙ্ক কাটেনি জলিলের। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ফের এমন পরিস্থিতির মুখে পড়ার আশঙ্কায় এখন আধার, ভোটার কার্ড-সহ প্রয়োজনীয় নথির প্রতিলিপি সবসময় নিজের কাছে রাখছেন।