আমুদরিয়া নিউজ: UPI ব্যবহারে বড় পরিবর্তনের ঘোষণা ঘিরে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। আগামী ১৫ অক্টোবর ২০২৬ থেকে UPI লেনদেনে নতুন Merchant Discount Rate কাঠামো চালু করতে চলেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI তবে এই পরিবর্তনে সাধারণ গ্রাহকের কাছ থেকে সরাসরি কোনও UPI চার্জ নেওয়া হবে না। তবে সাধারণ গ্রাহকের Person-to-Person UPI লেনদেন সম্পূর্ণ বিনামূল্যেই থাকবে।
অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী, নতুন নিয়মে ২,০০০ টাকা পর্যন্ত মার্চেন্টকে করা UPI পেমেন্টে কোনও MDR থাকবে না। পাশাপাশি ছোট ব্যবসায়ীদের জন্যও নির্দিষ্ট শর্তে শূন্য MDR-এর সুবিধা বজায় থাকছে। এরফলে, প্রায় ৯৬ শতাংশ Person-to-Merchant লেনদেন এই পরিবর্তনের আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।
তবে ২,০০০ টাকার বেশি সাধারণ মার্চেন্ট লেনদেনে ০.৪ শতাংশ MDR প্রযোজ্য হবে। ৭৫,০০০ টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে এই চার্জ সর্বোচ্চ ৩০০ টাকায় সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ ১ লক্ষ টাকার লেনদেনেও MDR ৩০০ টাকার বেশি হবে না।
অন্যদিকে রেল, টেলিকম, বিমা, জ্বালানি-সহ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি UPI লেনদেনে ফ্ল্যাট ৫ টাকা MDR ধার্য হবে। এই খরচ মার্চেন্টকেই বহন করতে হবে এবং NPCI জানিয়েছে, তা গ্রাহকের ওপর চাপানো যাবে না।
NPCI-র বক্তব্য, এই MDR থেকে পাওয়া অর্থ UPI পরিকাঠামো, সাইবার নিরাপত্তা, প্রযুক্তি উন্নয়ন এবং পরিষেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ব্যবহার করা হবে। ফলে ১৫ অক্টোবর থেকে UPI-তে বড় অঙ্কের নির্দিষ্ট ব্যবসায়িক লেনদেনের কাঠামো বদলালেও, সাধারণ মানুষের দৈনন্দিন ছোট অঙ্কের UPI ব্যবহার বিনামূল্যেই থাকছে।