আমুদরিয়া নিউজ: ‘শিল্প জগতের ইন্ডিয়ানা জোন্স’ খ্যাত আর্থার ব্র্যান্ড তাঁর জীবন উৎসর্গ করেছেন পিকাসো ও ভ্যান গঘের মতো বিশ্ববিখ্যাত শিল্পীদের চুরি যাওয়া অমূল্য মাস্টারপিস খুঁজে বের করার কাজে। ৫০ বছর বয়সী এই ডাচ গোয়েন্দা এ পর্যন্ত প্রায় ২৫ কোটি পাউন্ড মূল্যের কয়েক ডজন চিত্রকর্ম উদ্ধার করেছেন, যার মধ্যে একটি শেখের ইয়ট থেকে চুরি হওয়া পিকাসোর ৭ কোটি পাউন্ডের ছবিও রয়েছে।
স্পেনে ছাত্রাবস্থায় রোমান রৌপ্য মুদ্রা আবিষ্কারের পর অতীতের রহস্য উন্মোচনে আগ্রহী হন ব্র্যান্ড। তিনি বিশ্বের একমাত্র স্বতন্ত্র আর্ট ডিটেকটিভ বলে পরিচিত। বর্তমানে তিনি ইতিহাসের সবচেয়ে বড় আর্ট হাইস্ট ‘গার্ডনার মিউজিয়াম’ চুরির মামলা নিয়ে কাজ করছেন।
আশ্চর্যের বিষয় হলো, অধিকাংশ তদন্ত তিনি নিজের খরচে করেন এবং পুরস্কারের অর্থও নেন না। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে অস্কার ওয়াইল্ডের চুরি যাওয়া আংটি উদ্ধার করে দিলেও, তাদের সাথে আংটির সত্যতা নিয়ে এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়াতে হয় তাঁকে।