বাড়ির বকুনিতে অভিমান, একসঙ্গে বাড়ি ছাড়ল কোচবিহারের পাঁচ স্কুলছাত্রী

আমুদরিয়া নিউজ: কোচবিহারের শীতলকুচিতে মোবাইল ব্যবহার নিয়ে বাড়িতে বকাঝকা। সেই অভিমান থেকেই একসঙ্গে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয় পাঁচ কিশোরী বান্ধবী। সবাই সপ্তম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে তারা প্রায় ৬০ কিলোমিটার দূরে কোচবিহার শহরে পৌঁছে যায়।

সারাদিন শহরে ঘোরাঘুরির পর সন্ধ্যায় পাঁচ জন নিউ কোচবিহার স্টেশনের উদ্দেশে টোটোয় ওঠে। কিন্তু রাত কাটানোর কোনও জায়গা না থাকায় টোটোচালকের কাছে একটি ভাড়াবাড়ির ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করে তারা। এতেই সন্দেহ হয় চালকের। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি কৌশলে পাঁচ কিশোরীকে কোচবিহার রাজবাড়ির সামনে নিয়ে আসেন এবং সেখানে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকে বিষয়টি জানান।

পরে পাঁচ জনকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ তাদের বুঝিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে। শেষ পর্যন্ত পরিবারের সদস্যরা থানায় এসে পাঁচ কিশোরীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। টোটোচালকের সময়োচিত তৎপরতায় বড় কোনও বিপদের আগেই নিরাপদে বাড়ি ফিরল পাঁচ স্কুলছাত্রী।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *