গঙ্গার জলে বিপর্যস্ত মালদা, প্লাবিত একের পর এক এলাকা

আমুদরিয়া নিউজ: গঙ্গার জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় মালদার একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানিকচক ব্লকের ভূতনি এলাকা। কেশরপুর–কালুটোনটোলার ভেঙে যাওয়া বাঁধ দিয়ে প্রবল স্রোতে জল ঢুকে উত্তর-দক্ষিণ চণ্ডীপুর ও হীরানন্দপুর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভূতনির তিনটি পঞ্চায়েতের অন্তত ৬২টি গ্রাম জলমগ্ন হওয়ার খবর মিলেছে।

বন্যার জেরে রাস্তাঘাট ও চাষের জমি জলের তলায় চলে গিয়েছে, বহু এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। জল ঢুকেছে ভূতনি থানাতেও। দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে উদ্ধারকাজ চলছে এবং ত্রাণ ও নৌকার ব্যবস্থা করেছে প্রশাসন।

এদিকে গঙ্গার ভাঙনের জেরে রতুয়া, মানিকচক, ইংরেজবাজার ও কালিয়াচকের বিভিন্ন এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। গঙ্গার ভাঙনে ঘরবাড়ি হারানো দুর্গত পরিবারের পাশে দাঁড়ালেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। সোমবার রতুয়া-১ ব্লকের পশ্চিম রতনপুর ও মহানন্দাটোলা এলাকার ভাঙনকবলিত গ্রাম পরিদর্শন করে শতাধিক পরিবারের হাতে ত্রিপল তুলে দেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *