আমুদরিয়া নিউজ: টাকা নিয়ে বিএড ডিগ্রি বিক্রি এবং পরিকাঠামোগত অনিয়মের অভিযোগে রাজ্যের ৪৫০টিরও বেশি বেসরকারি বিএড কলেজকে শো-কজ় করল উচ্চশিক্ষা দফতর। রাজ্যের ৬০২টি বেসরকারি বিএড কলেজে বিশেষ পরিদর্শনের পর উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রায় ৫৩টি কলেজের বাস্তবে কোনও অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। আবার ১৭টি কলেজের ঠিকানা হিসেবে পাওয়া গিয়েছে আবাসিক ফ্ল্যাট বা ড্রয়িং রুম।
তদন্তে ২৬৫টি প্রতিষ্ঠানকে অচল বা অনুপযুক্ত বলে চিহ্নিত করা হয়েছে। ১১৪টি কলেজ ১০০-র মধ্যে ৩০ নম্বরও পায়নি। অন্যদিকে, সমস্ত মানদণ্ড পূরণ করেছে মাত্র ১৫১টি কলেজ।
উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, কিছু প্রতিষ্ঠান টাকা নিয়ে ক্লাস ও পরীক্ষা ছাড়াই বিএড সার্টিফিকেট দিচ্ছিল। ত্রিপুরা সরকারের তরফেও একই ধরনের অভিযোগ জানিয়ে পশ্চিমবঙ্গকে চিঠি দেওয়া হয়েছে বলে দাবি।
শো-কজ় পাওয়া কলেজগুলিকে ২১ দিনের মধ্যে জবাব দিতে হবে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিএড ভর্তি প্রক্রিয়ায় শুধুমাত্র মানদণ্ড পূরণ করা ১৫১টি কলেজই পড়ুয়া ভর্তি করতে পারবে বলে জানানো হয়েছে।