আমুদরিয়া নিউজ: আমাদের মহাবিশ্বে বৃহস্পতি গ্রহের সমান আকৃতির কিন্তু তুলতুলে তুলো বা কটন ক্যান্ডির মতো চরম হালকা দুটি নতুন ‘সুপারপাফ‘ (Superpuff) গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আমাদের গ্যালাক্সিতে আবিষ্কৃত গ্রহগুলোর মধ্যে এগুলোই এখন পর্যন্ত সবচেয়ে বেশি ফোলা বা হালকা গ্রহ।পৃথিবী থেকে প্রায় ১,১১৩ আলোকবর্ষ দূরে অবস্থিত ‘TOI 791’ নামক একটি সূর্যসদৃশ নক্ষত্রকে কেন্দ্র করে এই গ্রহ দুটি আবর্তিত হচ্ছে। নাসার টেস (TESS) মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদের সন্ধান মেলে। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী জর্জ ড্র্যান্সফিল্ড জানান, ঘনত্ব ও ওজনের দিক থেকে গ্রহ দুটি হুবহু শেভিং ফোম বা কটন ক্যান্ডির মতো। এদের আকার বৃহস্পতি গ্রহের সমান হলেও ভর তার মাত্র ৬ শতাংশেরও কম।নক্ষত্রকে প্রদক্ষিণের সময় গ্রহ দুটি যখন একে অপরের খুব কাছ দিয়ে যায়, তখন তাদের পারস্পরিক মহাকর্ষীয় টানের মাত্রা হিসাব করে বিজ্ঞানীরা এদের ভর ও ঘনত্ব পরিমাপ করতে সক্ষম হয়েছেন। বিজ্ঞানীদের ধারণা, নক্ষত্রের তীব্র তাপের কারণেই গ্রহ দুটির বায়ুমণ্ডল এভাবে ফুলে বা ফেঁপে উঠেছে।