আমুদরিয়া নিউজ: আইনের হাত থেকে বাঁচতে পলাতক আসামিরা সাধারণত মুখ লুকিয়ে বেড়ায়, কিন্তু ওহাইও-র ডোনাল্ড “চিপ” পিউ-এর ব্যাপারটা একেবারেই আলাদা! লিমা পুলিশ বিভাগ যখন আদালতে হাজিরা না দেওয়ায় তাঁর একটা ছবি ফেসবুকে পোস্ট করে ওয়ান্টেড নোটিশ জারি করে, তখন পিউবাবুর অপরাধবোধের চেয়েও বেশি লেগেছিল তাঁর আত্মসম্মানে। পুলিশের দেওয়া ছবিতে নিজেকে বড্ড ‘কুৎসিত’ লাগছে দেখে তিনি নিজেই পুলিশকে একটা জমকালো সেলফি ইনবক্স করে বসেন এবং সঙ্গে লেখেন, “আগের ছবিটা খুবই জঘন্য ছিল, এটা অনেক ভালো!” পুলিশও এই সুযোগ হাতছাড়া না করে সেই নতুন সেলফি পেজে পোস্ট করে রসিকতা করে জানায়, “সহযোগিতার জন্য ধন্যবাদ, এবার একটু কষ্ট করে থানায় চলে এলে ভালো হতো।” এই অদ্ভুত ডিজিটাল আড্ডা মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় হাসির রোল তোলে। অবশ্য এই অনিন্দ্য রূপচর্চা ও সেলফি-প্রেম শেষ পর্যন্ত তাঁকে জেল থেকে বাঁচাতে পারেনি, কয়েকদিন পরেই ফ্লোরিডা থেকে তিনি গ্রেপ্তার হন। তবে ধরা পড়ার আগে নিজের ‘হ্যান্ডসাম’ ইমেজ ধরে রাখার এই মরিয়া চেষ্টা সোশ্যাল মিডিয়ার ইতিহাসে এক চিরস্মরণীয় কমেডি হয়ে থাকবে!