আমুদরিয়া নিউজ : জনপ্রতিনিধিদের লক্ষ্য করে প্রকাশ্যে ডিম ছোড়ার ঘটনা রুখতে গাইডলাইন তৈরির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে, এ ধরনের কতগুলি ঘটনা ঘটেছে এবং কী পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালত পর্যবেক্ষণ করে, “এক-দু’জনকে গ্রেফতার করে সমস্যার সমাধান হবে না, সামাজিক সচেতনতা তৈরি করতে হবে।” বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, সকলের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী নির্দেশের আর্জি জানিয়ে অভিযোগ করেন, বিমানবন্দরের মতো সংবেদনশীল এলাকাতেও জনপ্রতিনিধিদের উপর হামলা হচ্ছে এবং উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে। এরপরই আদালত রাজ্যকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়।