আমুদরিয়া নিউজ : পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালসে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জিপুর এলাকায় ন্যাপথা বহনকারী পাইপলাইনে লিক থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। প্রথমে ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছালেও পরে আরও ৬টি ইঞ্জিন যোগ দেওয়ায় মোট ১২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। প্রায় আড়াই ঘণ্টা পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকলকে। ঘটনায় অন্তত ১৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গ্রিন করিডোর করে কলকাতায় আনা হচ্ছে। স্থানীয়দের দাবি, সোমবার রাত থেকেই গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। ভোরে বিস্ফোরণের শব্দের পর আগুন দ্রুত ছড়িয়ে পাশের বস্তি, একাধিক বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়। বহু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে হলদিয়া-পাঁশকুড়া রুটে ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।