আমুদরিয়া নিউজ: শনিবার সন্ধ্যা ৭ টা ৪ মিনিটে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জম্মু-কাশ্মীর ও দিল্লি। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। কম্পন অনুভূত হওয়ার পর বহু বাসিন্দা আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন এবং সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন।
ভারতের ‘ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’ জানিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল প্রতিবেশী দেশ আফগানিস্তানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ২১৫ কিলোমিটার গভীরে, যার প্রভাব জম্মু-কাশ্মীরের পাশাপাশি দিল্লিতেও অনুভূত হয়।
এদিন সকালেই পাকিস্তানে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। একই দিনে হিমাচল প্রদেশের চাম্বাতেও ৩.২৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যার কেন্দ্র ছিল মাত্র ৫ কিলোমিটার গভীরে। ফলে শনিবার জুড়েই ভারতের উত্তরাঞ্চল ও প্রতিবেশী কয়েকটি দেশে দফায় দফায় ভূমিকম্পের ঘটনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।