আরজি কর মামলায় CBI তদন্তে ক্ষুব্ধ, কী বলল হাইকোর্ট

আমুদরিয়া নিউজ :  আরজি কর হাসপাতালের চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত এখনও সম্পূর্ণ না হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। ঘটনার দেড় বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি শম্পা সরকার। আদালতের পর্যবেক্ষণ, সিবিআই তদন্তে গাফিলতি ও উদাসীনতার পরিচয় দিচ্ছে।

বৃহস্পতিবার মামলার শুনানিতে সিবিআই আদালতে জানায় যে নির্দেশ অনুযায়ী তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। তবে বিচারপতি শম্পা সরকার মন্তব্য করেন, আদালতের আগের নির্দেশ সঠিকভাবে বুঝতে ব্যর্থ হয়েছে তদন্তকারী সংস্থা। তিনি প্রশ্ন তোলেন, তদন্ত হস্তান্তরে বিলম্ব এবং সম্ভাব্য তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে কি না।

শুনানিতে নির্যাতিতার পরিবারের অভিযোগ ও বক্তব্য যথাযথভাবে নথিভুক্ত হয়েছে কি না, তা নিয়েও আদালত প্রশ্ন তোলে। বিশেষ করে নির্যাতিতার মায়ের বক্তব্যের প্রসঙ্গ উঠলে সিবিআইয়ের জবাবে সন্তুষ্ট হয়নি ডিভিশন বেঞ্চ।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, চার্জশিট জমা দেওয়ার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও তদন্ত শেষ হয়নি। তাঁর মন্তব্য, সিবিআইয়ের এই ‘গা-ছাড়া মনোভাব’ গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে তদন্তভার অন্য সংস্থার হাতে তুলে দেওয়ার বিষয়ও আদালত বিবেচনা করতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

অন্যদিকে নির্যাতিতার পরিবার দাবি জানায়, সিবিআই তদন্তে অগ্রগতি না হলে মামলাটি সিআইডির হাতে দেওয়া হোক। যদিও আপাতত সিবিআই তদন্তের উপর আস্থা রেখেছে হাইকোর্ট। একইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, নবগঠিত SIT-এ পুরনো কোনও তদন্তকারী আধিকারিক রাখা যাবে না। মামলার পরবর্তী শুনানি আগামী ৬ আগস্ট বলে জানা গিয়েছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *