আমুদরিয়া নিউজ : কলকাতার রেড রোডে রবিবার আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। রেড রোডের মঞ্চের সামনে প্রায় ৩৫ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি কলকাতা ও সংলগ্ন বিভিন্ন এলাকায় আয়োজিত কর্মসূচির মাধ্যমে কয়েক লক্ষ মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী দু’দিনের সফরে রাজ্যে এসে শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নেন। এরপর তিনি কলকাতায় পৌঁছে সকালে যোগ দিবসের কর্মসূচিতে যোগ দেবেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ভোর ৬টা ১৫ মিনিটের মধ্যে প্রবেশ করতে হবে এবং সাড়ে ৬টা থেকে মূল কর্মসূচি শুরু হবে। যোগ দিবস উপলক্ষে কলকাতায় ‘দৌড় সে ধ্যান’ সহ একাধিক প্রস্তুতিমূলক কর্মসূচি হয়েছে। প্রায় ২ লক্ষ ৩৯ হাজার মানুষ ইতিমধ্যেই রাজ্যজুড়ে যোগ দিবসের জন্য নাম নথিভুক্ত করেছেন।
অনুষ্ঠানে গঙ্গাবক্ষে নৌকায় যোগাসনের ব্যবস্থাও থাকছে। পাশাপাশি, যোগ দিবস উপলক্ষে কলকাতার বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে। আয়োজকদের দাবি, এই কর্মসূচির মাধ্যমে যোগের জনপ্রিয়তা আরও বাড়ানোই মূল লক্ষ্য।