গঙ্গার বুকে নয়, এ বার তলদেশে পথ

আমুদরিয়া নিউজ :  গঙ্গার তলদেশ দিয়ে মেট্রো চলাচলের পর এবার হুগলি নদীর নীচে ভারতের প্রথম পণ্যবাহী সড়ক টানেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় ১১ হাজার কোটি টাকার এই প্রকল্পের লক্ষ্য হল কলকাতা বন্দর কর্তৃপক্ষ-কে জাতীয় সড়ক নেটওয়ার্কের সঙ্গে দ্রুত ও কার্যকরভাবে যুক্ত করা।

প্রস্তাবিত সড়কপথের মোট দৈর্ঘ্য হবে প্রায় ১৫.৭ কিলোমিটার, যার মধ্যে নদীর তলদেশে জোড়া টিউব টানেলের দৈর্ঘ্য হবে প্রায় ৮.৫ কিলোমিটার। টানেলটি নদীর তলদেশ থেকে প্রায় ৩৮ মিটার গভীরে নির্মিত হবে। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে কলকাতা বন্দর কর্তৃপক্ষ এবং ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া।

কলকাতার দিকে প্রবেশ ও প্রস্থানের জন্য র‌্যাম্প থাকবে গার্ডেনরিচ ও জিঞ্জিরা বাজার এলাকায়। অপরদিকে টানেলটি উঠে আসবে সাঁকরাইল অঞ্চলে এবং সেখান থেকে সরাসরি জাতীয় সড়ক ১৬-এর সঙ্গে সংযুক্ত হবে।

প্রকল্পের অংশ হিসেবে হাওড়া প্রান্তে বিশাল ট্রাক পার্কিং ব্যবস্থাও গড়ে তোলা হবে  বলে জানা গিয়েছে, যেখানে একসঙ্গে প্রায় ১০ হাজার পণ্যবাহী যান রাখা সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে, এই টানেল চালু হলে কলকাতা-হাওড়া অঞ্চলের যানজট কমবে, পণ্য পরিবহণ দ্রুত হবে এবং পূর্ব ভারতের লজিস্টিকস ও বাণিজ্যিক পরিকাঠামোতে বড় পরিবর্তন আসতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *